নামাজের সময় উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় মাদ্রাসাশিক্ষককের চোখ উপড়ে ফেলার চেষ্টা

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাগরিবের নামাজের সময় উচ্চশব্দে গান বাজানোর প্রতিবাদ করায় এক মাদ্রাসাশিক্ষককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলার শিকার ওই শিক্ষকের ডান চোখ ও মাথায় মারাত্মক আঘাত লেগেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সাইফুর রহমান ঢালী নামের এক স্থানীয় ব্যক্তি পলাতক রয়েছে।\

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় গফরগাঁও উপজেলার পুখুরিয়া এলাকায় এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুখুরিয়া এলাকায় একটি স্থানীয় মেলা উপলক্ষে শুক্রবার মাগরিবের নামাজের সময় লাউডস্পিকারে উচ্চস্বরে গান বাজানো হচ্ছিল। এ সময় পুখুরিয়া হুদা মহিউসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক ও মসজিদের সাবেক ইমাম মাওলানা ইউসুফ আলী নামাজের পবিত্রতা রক্ষার্থে গান বাজাতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় সাইফুর রহমান ঢালী লোহার রড নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। রডের উপর্যুপরি আঘাতে মাওলানা ইউসুফ আলীর ডান চোখ ও মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুতর অবস্থায় শুক্রবার রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী শিক্ষক অভিযোগ করে জানান, হামলার সময় অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত নৃশংসভাবে তাঁর চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছিল। আঘাত এতটাই গুরুতর যে, তিনি বর্তমানে তাঁর ডান চোখে কোনো কিছু দেখতে পাচ্ছেন না।

পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। তবে অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।